শিরোনাম
সংসদে স্বাস্থ্যমন্ত্রী
‘বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৫১
‘বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামায়াতে ইসলামীর উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ভালোভাবে আচরণ করে যাচ্ছি, ভদ্রতার সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে। বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করবো। যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর।”


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন (২৯ এপ্রিল) বিকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।


সাখাওয়াত হোসেন বলেন, “আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে, সেটা একদিনে ঘটে না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে লাভাটা বের হয়, তা অনেক আগে থেকে সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই ১৩-১৪ বছর আগে থেকে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন তিলে তিলে আগুনের সৃষ্টি করেছে।


যে আগুন জ্বলেছিল জুলাই বিপ্লবের মাধ্যমে সেদিন ফ্যাসিবাদকে বিদায় নিতে হয়েছিল।”


স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ৭১ দেখেছি, বর্ডারে যুদ্ধ করেছি বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের শপথ দিতে চায়, যারা ৭১ কে ২৪ এর সঙ্গে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, তাদের একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি, ভদ্রতার সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে।”


তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন।


বিদ্যুতের সমস্যার সমাধানের সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করবো। পাকিস্তানে গিয়েছিলাম ২০০৪ সালে জামায়াত ইসলামের একজন এমপি আমার সঙ্গে গিয়েছিলেন ‘সাফমা’ কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তানের একজন এমপি যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। তবু দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com