
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। সর্বত্র বইছে ভোটের হাওয়া। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে আওয়ামী লীগের ‘নীরব’ ভোটব্যাংক।
দলটির সাংগঠনিক দুর্বলতা ও মাঠপর্যায়ে অনুপস্থিতির কারণে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ আওয়ামী সমর্থক ভোটার এখনো সিদ্ধান্তহীন। এই বিশাল ভোটব্যাংক যে প্রার্থীর দিকে ঝুঁকবে, তার বিজয় অনেকটাই নিশ্চিত—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ব্যক্তিগত গণসংযোগে জোর প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক, পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। পোস্টার-মাইকিংয়ের পাশাপাশি এবার গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। বিশেষ করে আওয়ামী সমর্থক পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়ন ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে।
সংখ্যালঘু ভোটারদের টানতেও বিএনপি ও জামায়াত কৌশলী ভূমিকা পালন করছে। অনেক ভোটার উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ প্রত্যাশা করছেন।
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে টাঙ্গাইল-৫ (সদর) আসন। এখানে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু ও স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। পালটাপালটি সভা-মিছিল ও প্রচারণায় মুখর পুরো এলাকা।
এই আসনে যিনি আওয়ামী ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তিনিই এগিয়ে থাকবেন বলে মনে করছেন স্থানীয়রা।
বিএনপির উন্নয়ন প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীরা উন্নয়ন ও কর্মসংস্থানকে প্রচারণার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যমুনা নদীর ভাঙন রোধ, শিল্পনগরী আধুনিকায়ন, তাঁত শিল্প উন্নয়ন, কৃষিঋণ মওকুফ ও স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
জামায়াত ও ছোট দলের অবস্থান জামায়াতে ইসলামীর প্রার্থীরা দুর্নীতিমুক্ত সমাজ, আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারের কথা বলছেন।
টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল অনলাইন প্রচারণায় যুক্ত হয়েছেন। তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন, যেখানে রয়েছে ২৪ দফা ইশতেহার ও জনগণের মতামত জানানোর সুযোগ।
সরেজমিনে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে—কয়েকটি আসনে বিএনপি এগিয়ে কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান শক্ত টাঙ্গাইল-৫ আসনে ফল নির্ভর করছে আওয়ামী ভোটারদের ওপর। টাঙ্গাইলে এবারের নির্বাচন কেবল ভোটের লড়াই নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের বড় পরীক্ষা। শেষ পর্যন্ত নীরব আওয়ামী ভোটব্যাংক কার দিকে যায়, সেটিই নির্ধারণ করবে জেলার ভবিষ্যৎ রাজনৈতিক মানচিত্র।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]