এবার কুমিল্লায় ‘ডেনিম’ গার্মেন্টস বন্ধ ঘোষণা
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:৪২
এবার কুমিল্লায় ‘ডেনিম’ গার্মেন্টস বন্ধ ঘোষণা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক মাসের বকেয়া বেতন প্রদানে বিলম্ব হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।


শ্রমিকদের আন্দোলনের শঙ্কায় রবিবার (১৫ নভেম্বর) সকালে গার্মেন্টস ফ্যাক্টরির সামনের ফটকে এক মাসের বন্ধের নোটিশ সাঁটানো হয়।


‘ওই নোটিশে উল্লেখ করা হয়, সোমবার (১৬ নভেম্বর) সমস্ত শ্রমিকের উপস্থিতিতে কারখানার সকল সেকশন পুনরায় চালু হলে অক্টোবর-২৬ মাসের বেতন আগামী ৩০ নভেম্বর প্রদান করা হবে। অন্যথায় বাংলাদেশ শ্রম আইন ২০২৬-এর ধারা ১২ (১) অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ১৪ নভেম্বর হতে কারখানার সকল কার্যক্রম আগামী ৩০ দিন অর্থাৎ ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে’।


এদিকে, রবিবার সকালে শত শত শ্রমিক কাজের জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরি বন্ধ পেয়ে ফিরে যান।


আগামী এক মাস ফ্যাক্টরিটি বন্ধ থাকলে আর্থিক সংকট দেখা দেবে অন্তত সহস্রাধিক শ্রমিক পরিবারে।


শ্রমিক মৌসুমী আক্তার জানান, কয়েক বছর যাবৎ বেতন নিয়ে তালবাহানা করে মালিকপক্ষ। কয়েক মাসের বেতন বকেয়া পড়লে যখন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে তখন আবার বেতন দিয়ে আমাদের কাজে ফিরিয়ে নেয়। প্রায় ৪ মাস আগেও এমন একটি আন্দোলনের সময় প্রশাসনের উপস্থিতিতে প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আমাদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি কাগজও স্বাক্ষর করা হয়।


৩-৪ মাস ভালোভাবে চললেও সেপ্টেম্বর মাসের বেতন দেয় চলতি মাসের ৩ তারিখে। অক্টোবর মাসের বেতন ১৫ তারিখে দেওয়ার প্রতিশ্রতি দিলেও ১২ তারিখ মিটিং করে জানান আমাদের বেতন ২৫ তারিখে দেবে। তখন কোনো শ্রমিক এই কথা মানতে রাজি না হওয়ায় আজ রবিবার ফ্যাক্টরি বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে মালিকপক্ষ।


‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’-এর পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ব্যাংক থেকে আমাদের কোনো সাপোর্ট দিচ্ছে না। আমার পোশাক শিফ্টম্যান দিতে পারলেই ফ্যাক্টরি চালানো সম্ভব হয়।


শ্রমিকরা বিভিন্ন অজুহাতে ঠিকমতো কাজে আসে না, ওভারটাইম করতে চায় না। যে কারণে নির্ধারিত সময়ে পোশাক শিফ্টম্যান দিতে পারছি না। এতো কিছুর পর তাদের বেতন পরিশোধ করে যাচ্ছি। সর্বশেষ তারা শুধুমাত্র অক্টোবর মাসের বেতন পাবে। আমরা ১২ নভেম্বর মিটিং করে শ্রমিকদের জানিয়ে দিয়েছি ২৫ তারিখের মধ্যে তাদের পরিশোধ করব। কিন্তু তারা সেই কথা মানতে রাজি নয় বরং আন্দোলন করার পাঁয়তারা করছে। আমরা ঝামেলা চাই না। যে কারণে বাধ্য হয়েই এক মাসের জন্য ফ্যাক্টরি বন্ধ করার ঘোষণা দেই।


অপরদিকে, ফ্যাক্টরি বন্ধে অচল হয়ে পড়েছে চান্দিনার বেলাশহরের ‘ডেনিম গার্মেন্টস’ এলাকা। দোকানপাটে নেই মানুষজন, ব্যস্ততা নেই পুরো এলাকায়।


এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, আমি এ উপজেলায় যোগদানের পর থেকে শুনে আসছি ওই ফ্যাক্টরির শ্রমিকদের ৩-৪ মাসের বেতন বকেয়া থাকতো। পরবর্তীতে আমরা সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার পরামর্শ দিলে মালিকপক্ষ ওই সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর থেকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যেই বেতন পরিশোধ করা হয়। এবার শুধুমাত্র এক মাসের বেতন বকেয়া আর সেটি ১৫ দিনের বেশি সময় চেয়েছে মালিকপক্ষ। কিন্তু তাতে শ্রমিকরা কোনোভাবেই মেনে নিতে চায়নি।


রবিবার (১৫ নভেম্বর) আমরা অনেকভাবে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেছি, ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার জন্য আমরা দায়িত্ব নিয়েছিলাম। তারপরও শ্রমিকরা কারো কথাই শুনতে চায়নি। শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ ফ্যাক্টরি চালু করতে পারে বলে জেনেছি। যারা কাজে ফিরতে চায় তাদেরকে আমরাও সার্বিক সহযোগিতা করব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com