ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি-সাইবার মনিটরিং জোরদার
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:২৫
ডিসেম্বর ঘিরে গোয়েন্দা নজরদারি-সাইবার মনিটরিং জোরদার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা-অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে ছড়ানো অপপ্রচার, পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্তে কাজ করছে পুলিশ।


রবিবার (১৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে কারা এসব অপপ্রচার চালাচ্ছে, তা শনাক্তেও কাজ চলছে।
তিনি বলেন, পুরোনো ভিডিও এবং এআই-নির্মিত ভুয়া ভিডিওর বিষয়ে নাগরিকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।


পুলিশ সদর দপ্তর থেকেও প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
এর আগে গত ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তর জানায়, আগের তিন দিনে সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি বাসে অগ্নিসংযোগ হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে ও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


এ পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। এতে সাম্প্রতিক নাশকতার ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। কনফারেন্স থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।


অন্যদিকে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় শনিবার চট্টগ্রামে মোহাম্মদ জাহাংগীর আলম নামে এক পুলিশ সুপারকে (এসপি) গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে এসপি হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ সূত্র জানায়, জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি– দুই মোবাইলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com