
চলতি বছেরের সেপ্টেম্বরে মানুষের আয় কমলেও বেড়েছে মূল্যস্ফীতির হার। এতে বিপাকে পরেছে সীমিত ও মধ্য আয়ের মানুষ। তাদের দাবি, আয় না বাড়লেও খাবার, যাতায়াত, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর সুযোগ সীমিত। ফলে সংসারের মাসিক বাজেট সামলাতে গিয়ে অনেক পরিবারকে অন্য খাতে ব্যয় কমাতে হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এসব চিত্র দেখা গেছে।
বিবিএসের হিসাবে, এ মাসে সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে, আগের মাসে যা ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।
টানা তিন মাস ৯ শতাংশের বেশি থাকার পর জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমে এসেছিল। তবে সেপ্টেম্বর মাসে এসে আবারও তা ঊর্ধ্বমুখী হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব বাজারে পড়তে শুরু করায় মূল্যস্ফীতিতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে।
বিবিএসের হিসাবে, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। অর্থাৎ খাদ্যের তুলনায় খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম বৃদ্ধির চাপ এখনো বেশি।
অন্যদিকে মূল্যস্ফীতি বাড়লেও মানুষের আয় সেই হারে বাড়ছে না। সেপ্টেম্বরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৯০ শতাংশে নেমেছে, যা আগস্টে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। ফলে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির ব্যবধান আরও বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]