
কালো সুতা দিয়ে বোনা জাল আকৃতির বিশেষ ‘ঠুসি’ লাঠির মাথায় বেঁধে আম গাছ থেকে সাবধানে হাঁড়িভাঙ্গা আম পেড়ে আনছেন জেলা প্রশাসক রুহুল আমিন। চারপাশ থেকে হাততালি আর ক্যামেরার ফ্ল্যাশ। সোমবার (১৫ জুন) দুপুরে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জে এভাবেই জমকালো আয়োজনে উদ্বোধন হলো বিশ্ববিখ্যাত জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ। কিন্তু এই উৎসবের আলো ঝলমলে আবহের ঠিক পেছনেই লুকিয়ে আছে এক ভিন্ন রকমের গল্প—যা অন্য সব সাধারণ আম উদ্বোধনের খবর থেকে একদমই আলাদা।
উদ্বোধনের উৎসব চললেও মাঠপর্যায়ের চাষি আর ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। কারণ, গত কয়েকদিন ধরে রংপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র রুক্ষ তাপপ্রবাহ সব ওলটপালট করে দিয়েছে। গরমে আম দ্রুত পেকে যাওয়ায় প্রশাসনকে পূর্বনির্ধারিত তারিখ ২০ জুনের বদলে ৫ দিন এগিয়ে আজ ১৫ জুন থেকেই আম সংগ্রহ শুরু করতে বাধ্য হতে হয়েছে।
তীব্র গরমের আগে এপ্রিলের শিলাবৃষ্টিতেই প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ আম ঝরে গেছে। অনেক আমের গায়েই পড়েছে কালো দাগ, কোনোটি আবার গেছে ফেটে।
যে পদাগঞ্জ হাট ঘিরে পুরো উত্তরবঙ্গের আমের বিকিকিনি চলে, ৫৬ লাখ টাকায় ইজারা হওয়া সেই হাটের চিত্র এখন করুণ। একটু বৃষ্টি হলেই পুরো হাট এবং এর বাইপাস সড়কগুলো হাঁটু-কাদায় একাকার হয়ে যায়।
পদাগঞ্জ হাটের কয়েকজন স্থানীয় ব্যবসায়ী হতাশা প্রকাশ করে জানান, হাটের ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা মেরামতের জন্য আগে আবেদন করলেও কাজ হয়নি। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠের চিত্রটা ছিল একটু ভিন্ন। সেখানে উপস্থিত সাধারণ কৃষকরা সরাসরি জেলা প্রশাসকের কাছে গিয়ে তাদের এই রাস্তা ও হাটের বেহাল দশার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক রুহুল আমিন অত্যন্ত মনোযোগ দিয়ে সাধারণ কৃষকদের এই দুঃখ-কষ্টের কথা শোনেন। তিনি শুধু শুনেনইনি, বরং কৃষকদের আশ্বস্ত করে তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন যে-রাস্তা সংস্কার এবং হাটের অবকাঠামো উন্নয়নের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।
রংপুর ডিসির এই তাৎক্ষণিক আশ্বাস কৃষকদের মনে নতুন করে আশার আলো জুগিয়েছে।
চাষিদের আশা, ক্ষতি সত্ত্বেও আঁশবিহীন এই মিষ্টি আমের ব্যাপক চাহিদার কারণে এবার ২৫০ থেকে ৩০০ কোটি টাকার আমের বাণিজ্য হবে রংপুরে। বাজারে প্রথম দিনেই প্রতি মণ আম বিক্রি শুরু হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
বিদেশে হাঁড়িভাঙ্গার বিশাল বাজার ও জিআই স্বীকৃতি থাকলেও এখনো স্থানীয় পর্যায়ে আধুনিক সংরক্ষণাগার গড়ে ওঠেনি। তবে সাধারণ কৃষকদের মুখে ডিসি রুহুল আমিন এর দ্রুত কাজ শুরুর আশ্বাস যদি সত্যি সত্যি দ্রুত বাস্তবায়িত হয়, তবে আগামী দিনে হাঁড়িভাঙ্গা আম চাষিদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]