শিক্ষা
তিতুমীর কলেজে তিন ছাত্রী বহিষ্কার
ফটকের তালা ভেঙে বিক্ষোভ, হলে রাজনীতি নিষিদ্ধের দাবি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:০৭
ফটকের তালা ভেঙে বিক্ষোভ, হলে রাজনীতি নিষিদ্ধের দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের তিন ছাত্রীর বহিষ্কারকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা বিক্ষোভে রূপ নেয়, যখন নারী শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে প্রতিবাদে নামেন।


মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্রীরা। মধ্যরাত পর্যন্ত চলা এই বিক্ষোভে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘হল কারও বাপের না, ছাত্ররাজনীতি চলবে না’ এবং ‘প্রশাসনের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।



শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলা এবং সম্প্রতি ঘোষিত ছাত্রদলের হল কমিটি নিয়ে প্রতিবাদের জেরেই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের দাবি, কোনও ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই ওই তিন ছাত্রীকে হলের সিট থেকে বহিষ্কার করেছে প্রশাসন।


জানা যায়, গত ৩ মে সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কমিটি প্রত্যাহার করা হয়। এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।



তবে বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়া ছিল প্রশ্নবিদ্ধ। তাদের ভাষ্য, হলের সিট বাতিলের নোটিশে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি তাদের সঙ্গে কোনও কথা বলেনি।



তারা আরও বলেন, নির্ধারিত দিনে তদন্ত কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার কথা থাকলেও কেউ উপস্থিত হননি। ফলে তাদের বক্তব্য না নিয়েই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়া হয়েছে।


এদিকে সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ ছাত্রী হলে কোনও ধরনের ছাত্ররাজনীতি না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে না পারলে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।



বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত এবং ছাত্রী হলে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com