শিক্ষা
‘এসো নবীন ভয় নাই, কুবিতে র‍্যাগিং নাই’
র‍্যাগিং বন্ধে কুবি প্রক্টরিয়াল বডির আগাম নির্দেশনা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০০:০৯
‘এসো নবীন ভয় নাই, কুবিতে র‍্যাগিং নাই’
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘এসো নবীন ভয় নাই, কুবিতে র‍্যাগিং নাই’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শ্রেণি-কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে র‍্যাগিং, বুলিং ইত্যাদি থেকে সকলকে বিরত থাকার আগাম নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রক্টরিয়াল বডি ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসকল নির্দেশনা তুলে ধরা হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শক ও সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এই মতবিনিময় সভায় আয়োজিত হয়।


সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর প্রতি জাতি, ধর্ম, বর্ণ বা গোত্রের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য বা হয়রানি সহ্য করা হবে না। বিশেষ করে শারীরিক, মানসিক, মৌখিক নির্যাতন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক আচরণ— সবকিছুই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।


এনিয়ে প্রক্টরিয়াল বডির নির্দেশনায় জানানো হয়েছে, র‍্যাগিং, বুলিং, বডিশেমিং বা ইভটিজিংয়ের মতো ঘটনায় কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সকল শিক্ষার্থীকে সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।


সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে ম্যানার শেখানো অন্য কোনো শিক্ষার্থীর দায়িত্ব না। কোনো শিক্ষার্থীকে শারীরিক, মানসিক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যদি এমন কোনো কিছু করা হয়, যার কারণে সে অস্বস্তি বোধ করে, সেটা র‍্যাগিং হিসেবে গণ্য করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স।'


প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, প্রক্টর হওয়ার পর গত তিন শিক্ষাবর্ষ থেকে র‍্যাগিং বন্ধে চেষ্টা করে যাচ্ছি। এরমধ্যে ৬০ শতাংশ সফলতার মুখ দেখেছি। এবার আমরা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থী সকল স্টেকদের সাথে আলোচনা করেছি, ইতোমধ্যে সবাই এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আশা করি, এবার কুবিতে কোনো র‍্যাগিং হবে। এবার পুরোপুরি বন্ধ করতে পারব।


তিনি আরো বলেন, তারপরেও যদি র‍্যাগিং-এর মতো কোনো ঘটনা ঘটে তাহলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'


উল্লেখ্য, র‍্যাগিং প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনদের সঙ্গে, ৭ এপ্রিল বিভাগীয় ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এবং ৮ এপ্রিল বিভিন্ন বিভাগের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/প্রসেনজিত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com