কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা ৫ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:৪৩
কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা ৫ বাংলাদেশি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিনের নজরদারি, গোপন অনুসন্ধান ও তথ্য সংগ্রহের পর বিশেষ অভিযান চালিয়ে এই চক্রটিকে আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


গতকাল শুক্রবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে বিভিন্ন প্রবাসী ও প্রতিষ্ঠানের কাছে জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করতেন। তারা মূলত ৫ ও ১০ কুয়েতি দিনারের সরকারি স্ট্যাম্প বাজারমূল্যের চেয়ে কম দামে সরবরাহ করে অবৈধভাবে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।


কুয়েতের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্ট একটি অভিযানের মাধ্যমে চক্রটির পাঁচ সদস্যকে আটক করে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চক্রটি বেশ সংগঠিতভাবে কাজ করছিল। তারা সরকারি স্ট্যাম্পের আসল কাগজ সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় জাল স্ট্যাম্প তৈরি করত। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং স্ট্যাম্প তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের স্ট্যাম্প পেপারের রোল জব্দ করে।


প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল কাগজের রোল চুরি করে সেগুলো ব্যবহার করে জাল স্ট্যাম্প প্রস্তুত করতেন। পরে সেগুলো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।


কর্তৃপক্ষ বলছে, জাল স্ট্যাম্প ব্যবহারের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় নথিপত্রের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। এ ঘটনায় জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আটক পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সরকারি অর্থ, নথিপত্র ও রাজস্বসংক্রান্ত কোনো ধরনের জালিয়াতি বা কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com