মালয়েশিয়ায় মানবপাচার বিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৪
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৫০
মালয়েশিয়ায় মানবপাচার বিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুতের বন্দর বারু সেগারি এলাকায় একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।


স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) পরিচালিত বিশেষ এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়েছে, যারা ওই আস্তানার দেখাশোনা ও পরিবহনের দায়িত্বে ছিল।


মানজুং জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে মানজুং জেলা পুলিশ সদর দফতর এবং মেরিন পুলিশের গোয়েন্দা ইউনিটের যৌথ দল দুটি পৃথক বাড়িতে এই অভিযান পরিচালনা করে।


অভিযানে উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং দুটি শিশু রয়েছে। তারা মূলত ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


পুলিশ প্রধান আরও জানান, আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। পাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে ‘অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্র্যান্টস অ্যাক্ট ২০০৭’ (অ্যাক্ট ৬৭০) এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।


এ ধরনের মানবপাচার ও অবৈধ অভিবাসন নির্মূলে স্থানীয় জনগণের সহায়তা চেয়েছেন পুলিশ কর্মকর্তারা। অভিবাসন সংক্রান্ত কোনো সন্দেহভাজন কার্যক্রম বা তথ্য থাকলে মানজুং পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com