
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের ঘটনায় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য বলাকা লাউঞ্জ ব্যবহৃত হয়। সেখানে যাত্রীদের বসা, অপেক্ষা ও খাবারের ব্যবস্থা রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]