
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে ‘লাফিয়ে পড়ে’ এক তরুণীর আত্মহত্যা করেছে। মৃত ওই রোগীর নাম রিয়া খাতুন (২০)। নিহতের বাবা জানিয়েছেন, বিয়ের পর সন্তান না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দেন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে।
কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে হয়। পরে আল আমিন দেশে এসে কিছুদিন অবস্থান করার পর আবার সিঙ্গাপুরে ফিরে যান।
তিনি বলেন, সন্তান নেওয়ার চেষ্টা করলেও সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ছাড়া তার শরীরেও একটি রোগ ধরা পড়ে।
পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সর্বশেষ তিন দিন আগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
লতিফ মল্লিক আরো জানান, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে বলেন, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে’। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ধরার চেষ্টা করলেও রিয়া নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরাও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারোর কথা শোনেননি।
পরে অন্যদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]