
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোড এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসার ভেতরে গ্যাস জমে থাকার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের তিন সদস্য দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন থেকে লিকেজ হওয়ায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]