
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরের বকেয়া বাসা ভাড়া নিয়ে তর্কে বাড়ির মালিকের ছেলের ঘুসিতে মো. স্বপন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে আজিমপুরের ৮৭, লালবাগ রোডে অবস্থিত ভাটা মসজিদ সংলগ্ন মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী (২৭) ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে (২২) আটক করেছে পুলিশ।
নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দুই ভাই দীর্ঘদিন ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি কক্ষে মাসে ৬ হাজার টাকা ভাড়ায় সাবলেট থাকতেন। তার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং কারো সঙ্গে কখনো কোনো বিরোধে জড়াতেন না। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বাকি ছিল। রোববার রাতে বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী ওই টাকা চাইলে তারা দু-এক দিনের মধ্যে পরিশোধ করবেন বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
তিনি আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে তাদের কক্ষের সামনে এসে আবারও ভাড়ার এক হাজার টাকা নিয়ে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তিনি (সেলিম) বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর তার ভাই স্বপনকে কিল-ঘুসি মারতে মারতে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যাওয়া হয়। এতে স্বপন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সেলিম জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার তাহের ফকির কান্দি গ্রামে। তারা মৃত আব্দুল মান্নানের ছেলে। স্বপন পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভাড়ার টাকা নিয়ে বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভীর সঙ্গে ভাড়াটিয়া স্বপন ও তার বড় ভাই সেলিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিজভী দুই ভাইকে ধাক্কা দিলে স্বপন পিছনে চিৎ হয়ে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে রিজভী ও তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই সেলিম বিষয়টি পুলিশকে জানালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে রিজভী ও রোহানকে আটক রাখা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার ওসি ইয়াসিন আলী যুগান্তরকে বলেন, বাড়ি ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় স্বপন মাটিতে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]