রাজধানীতে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্র নিহত
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৮:০৮
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় কলেজছাত্র নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।


শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইমন মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন। ঢাকা উদ্যান সরকারি কলেজে পড়াশুনার পাশাপাশি তিনি একটি চশমার দোকানে কর্মরত ছিলেন।


তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি এলাকায়। তার বাবার নাম মো. টিপু সুলতান।


হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে কুড়িল বিশ্বরোড এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।


এ সময় ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের বাবা টিপু সুলতান বলেন, মাত্র দেড় মাস আগে ছেলে বিয়ে করেছিল। এখনও পুত্রবধূকে আনুষ্ঠানিকভাবে বাসায় তুলে আনতে পারিনি। এরই মধ্যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com