এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই
মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের ৫ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:০৪
মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের ৫ সদস্য গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আদাবরে দোকানে ঢুকে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ‘কব্জি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-২ এর একটি দল।


বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।


গ্রেফতাররা হলেন, কব্জি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদ (৩৩), রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) ও মো. তরিকুল ইসলাম (২৫)।


এছাড়া, কব্জি কাটা আনোয়ার গ্রুপের অন্য সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


এর আগে, মঙ্গলবার সকালে আদাবরের একটি দোকানে ঢুকে মোবাইল ব্যাংকিং এজেন্ট শফিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছে থাকা প্রায় তিন লাখ টাকা ও বিকাশের লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।


ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শফিকুল দোকান খুলে বসার কিছুক্ষণের মধ্যেই চার থেকে পাঁচজন চাপাতিধারী যুবক দোকানে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তার ডান হাতে কোপ দেয় এবং নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় জড়িতদের ধরতে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালায় আদাবর থানা পুলিশ। সেই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্য টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।


পুলিশ জানায়, আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি ছোড়া হলে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদেরও চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনা বেড়েছে। সোমবার রাতেও আদাবর ১০ নম্বর বালুর মাঠ এলাকায় কয়েকটি গ্যারেজে লুটপাটের ঘটনা ঘটে। একই এলাকায় সকালে সংঘটিত বিকাশের দোকানে হামলার ঘটনাটি জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।


এলাকাসীর অভিযোগ, একসময় কুখ্যাত সন্ত্রাসী পানি আনোয়ারের নেতৃত্বে পরিচালিত কব্জি কাটা গ্রুপটি আবারও সক্রিয় হয়ে উঠছে। বর্তমানে কারাগারে থাকা আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী ও বাল্যবন্ধু আবু সাঈদ গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন। গ্রুপটির ১৫ থেকে ২০ জন সদস্য বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বলে দাবি করেন তারা।


স্থানীয়দের অভিযোগ, আদাবর ১০ ও ১৭ নম্বর এলাকা, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যান, নবীনগর ও চন্দ্রিমা হাউজিংসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে কব্জি কাটা গ্যাংয়ের সদস্যরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com