ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৩:৪৮
ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরখান ও মিরপুরের পাইকপাড়ায় পৃথক দুটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুই দুর্ঘটনায় নারীসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


শনিবার (৬ জুন) পৃথক সময়ে এই দুর্ঘটনা দুটি ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখান এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হন।


দগ্ধ ব্যক্তিরা হলেন— হাসনা হেনা (৪০), আঁখি (৩০) ও আলী হোসেন (৫০)। তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।


ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখানে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ এবং হাসনা হেনার ৬০ শতাংশ পুড়ে গেছে। এই দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া আঁখি নামের অপর নারীর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।


এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় আরেকটি গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট জ্বালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক গুরুতর দগ্ধ হন। ভোরবেলাতেই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।


চিকিৎসক জানান, মিরপুরে চিকিৎসাধীন তিন যুবকের শরীরেরও বিভিন্ন অংশ পুড়ে গেছে। এর মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। তারা বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


বিবার্তা/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com