
রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোড এলাকার একটি চিপস কারখানা থেকে দগ্ধ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন— মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। সোমবার (২৫ মে) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সোমবার ভোর ৪টার দিকে কবরস্থান রোড এলাকার আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে নিহত দুই যুবক ওই ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত মোস্তফার বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ থানার বড় কুমারপাড়া গ্রামে। তিনি মজনু মিয়ার ছেলে। অপরদিকে মাহমুদুল হাসানের বাড়ি একই জেলার তারাগঞ্জ থানার কাজীপাড়া গ্রামে। তিনি ইসলাম উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তারা দুজনই ওই চিপস ফ্যাক্টরিতে কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]