
রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় সাজিত হাসান (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাজিত হাসান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মো. সোলাইমানের ছেলে। বর্তমানে রাজধানীর কদমতলীর মিরাজনগরে থেকে ফার্মগেটের আল-মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের প্রডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সাজিতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহান জানান, সকালে শনিরআখড়া দিয়ে তিনি কলেজে যাচ্ছিলেন। ওই সময় তিনি একটি সিএনজি অটোরিকশাকে একটি মোটরসাইকেলকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যেতে দেখেন। ওই ঘটনায় মোটরসাইকেল আরোহী সাজিত ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে দ্রুত তিনি সাজিতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে পরবর্তীতে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী ওই যুবকের মৃত্যু হয়।
নিহত সাজিতের বাবা সোলাইমান জানান, তার ২ মেয়ে ও এক ছেলের মধ্যে সাজিত ছিল মেঝো। সে অবিবাহিত ছিল। তবে তার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। প্রতিদিনের মতো রোববার সকালেও নিজের মোটরসাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয় সে। এর কিছুক্ষণ পর মুঠোফোনে তিনি দুর্ঘটনার খবর পান। পরে হাসপাতালে এসে ছেলের মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]