
ঢাকার কেরানীগঞ্জে নকল মধু তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করা হয় এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।
জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানাটি থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ভেজাল মধু সরবরাহ করা হতো। অভিযানকালে ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়।
এ ঘটনায় কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করলে ম্যানেজারসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জরিমানা পরিশোধসাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে এনএসআইয়ের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. সাকির হোসেন এবং কেরানীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]