
রাজধানীর যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় দিয়া আক্তার (২০) নামে একজন মারা গেছেন।
এছাড়া গুরুতর আহত হন মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
আহতদের নিয়ে আসা বিল্লাল হোসেন গণমাধ্যমকে জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে টাকা পান। সেই টাকা নেওয়ার জন্য ভোরে নবীউল্লাহর বাসায় আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পরে আবু মুসা উত্তেজিত হয়ে নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে দেন। তার মেয়ে দিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করেন। এরপর আরেক মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন। এ ঘটনায় আবু মুসাও ঢাকা মেডিকেলে পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ী কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]