
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিলপাপাড়ার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নার্গিস (৩৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর ওই নারী নিজে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে বিকেলের দিকে ওই বাসায় গিয়ে মা ও ছেলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত নার্গিসের স্বামী পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। দাম্পত্য ও পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- স্বামীর সঙ্গে কলহের জেরে মা তার ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিকেল পর্যন্ত সিআইডির ক্রাইমসিন ইউনিট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। আলামত সংগ্রহ শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]