‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি’
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১০:৪০
‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কমদামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি নানা চাপ ও হুমকির অভিযোগ তুলে দেশ ছেড়েছেন। ব্যবসা ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি এবং নিজের নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।


এদিকে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করার ঘটনায় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। মগবাজারের বিশাল সেন্টারের শোরুম পুনরায় চালুর নির্দেশ দেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করা হয়েছে।


বুধবার (২৫ মার্চ) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।


এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নবীন হাশেমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়েন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সিংহের মতো বাচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না... তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব—ইনশাআল্লাহ।’


তার আগে সংবাদ সম্মেলনে নবীন হাশেমি জানান, সোমবার থেকে তাকে বিভিন্ন নম্বর থেকে কল করে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা বলছেন, ‘ভিডিও যা আছে ডিলিট করে দাও, নইলে আরও দোকান বন্ধ করে দেওয়া হবে।’


সংবাদ সম্মেলনে নবীন হাশেমি বলেন, “আমি একজন প্রবাসী। করোনার সময় দেশে এসে ব্যবসা শুরু করি। আমাদের লক্ষ্য হলো ন্যায্য মূল্যে গ্রাহককে ভালো পণ্য সরবরাহ করা। প্রতিষ্ঠানের আয়-ব্যয় আমরা গরীব ও দু:খী মানুষের কল্যাণে ব্যয় করি। এখানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষও কাজ করে। তাই আমাদের সাপ্লায়ার কম মূল্যে পণ্য দেন। আমরা ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করি।”


তিনি আরও জানান, ঈদের একদিন আগে প্রিন্সের মালিক মাইকেল ও অন্যান্য ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশের সহায়তায় তার দোকান বন্ধ করে দেন। তারা কাস্টমারদেরও হেনস্তা করেছে। তারা জানিয়েছে, মার্কেটে চার হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি ও ১,৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।


সংবাদ সম্মেলনে নবীন হাশেমি সরকারের কাছে আকুতি জানিয়ে বলেন, “আমরা ব্যবসা পরিচালনা করতে অনেক বাধার সম্মুখীন। তবে সরকার থেকে কখনও সহযোগিতা পাই না। সাধারণ মানুষের কল্যাণে কিছু করতে গেলে ভয়ভীতি দেখানো হয়।”


ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে


ঈদের একদিন আগে নবীন ফ্যাশনের মগবাজারের দোকানটি বন্ধ করে দেওয়া হয়। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রিন্সের মালিক মাইকেল বলছেন, ‘মার্কেটে চার হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি ও ১,৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না’, এরপর তারা দোকান বন্ধ করে দেন।


নবীন ফ্যাশনের এক কর্মচারী এই প্রতিবেদককে বলেন, “প্রচুর ক্রেতা ও মোটরসাইকেল ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন দোকান নিজে বন্ধ করে দেয়।” তিনি হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন।


বিশাল সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সরোওয়ার হোসেন বলেন, “নবীন পাঞ্জাবির মালিক রমজানে ফেসবুকে অফার দেন। প্রচুর ক্রেতা ও মোটরসাইকেল জড়ো হয়। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে গেলে দোকান দায়িত্বরতরা নিজ উদ্যোগে সাটার নামিয়ে দেন। পুলিশ দোকান বন্ধ করেছে এমন অভিযোগ মিথ্যা।”


পুলিশের মন্তব্য


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “নবীন পাঞ্জাবির মালিকের হত্যার হুমকির বিষয়ে আমার জানা নেই। কেউ যদি নিরাপত্তা চায়, পুলিশের গাফলতি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


তেজগাঁও জোনের এডিসি ফজলুল করিম বলেন, “ফেসবুকে দেওয়া অফারের কারণে দোকানে প্রচুর মানুষ জড়ো হয়। পরিস্থিতি বিশৃঙ্খল হলে দোকান দায়িত্বরতরা নিজ উদ্যোগে বন্ধ করে দেন। পুলিশ সরাসরি হস্তক্ষেপ করেনি।”


আদালতের নির্দেশ


আদালত সূত্রে জানা গেছে, বিষয়টি একটি অনলাইন প্রতিবেদনের ভিত্তিতে বিচারকের নজরে আসে। আদালত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। হাতিরঝিল থানার ওসিকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


সাময়িকভাবে বন্ধ করা ‘নবীন’ পাঞ্জাবির দোকানটি ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের আদেশের অনুলিপি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমব

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com