
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— গ্যারেজ মালিক মো. মনা (৪০), বাদল (২৩), তারেক রহমান (২৩), ইফরান (১৮), আজাদ (৫৫), মিরাজ (৩৬), আকাশ (২৫) ও জনি (৩৫)।
গ্যারেজ মালিক মো. মনা জানান, দুপুরে একটি প্রাইভেটকার গ্যারেজে নিয়ে আসা হয় মেরামতের জন্য। গ্যারেজের ভেতর রেখে প্রাইভেটকারের ইঞ্জিন ও গ্যাস লাইনের কাজ করা হচ্ছিল। এ সময় ভেতরে বেশ কয়েকটি গাড়িতে কর্মচারীরা এক সঙ্গে কাজ করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গ্যারেজের ভেতর থাকা মালিক ও কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, প্রাইভেটকারটির গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরের সর্বোচ্চ ২০ শতাংশ পুড়ে গেছে। ইফরান ও তারেককে ভর্তি রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]