
রাজধানীতে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় টানা এ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ও সংশ্লিষ্ট থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্যাপন নিশ্চিত করতেই অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]