নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭
নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীস ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে তল্লাশি জোরদার করেছে পুলিশ।


নির্বাচন ঘিরে নাশকতা, সহিংসতা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে ব্যাগ ও যানবাহন।


পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যেন অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান। পাশাপাশি বিভিন্ন এলাকায় টহলও বাড়ানো হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, তল্লাশিকালে কারো কাছে ব্যাগ থাকলে পুলিশ তাকে সেটি খুলে ভেতরে কোনো নাশকতামূলক বস্তু আছে কি না, তা দেখছে।


তল্লাশিস্থলে উপস্থিত শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, তারা সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ বিভিন্ন সড়কে তল্লাশি চালান। এ সময় কারো কাছে নাশকতামূলক কোনো বস্তু পাওয়া যায়নি।


ধানমন্ডির ৮/এ, ধানমন্ডি ২৭, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, তার এলাকায় পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি আলাদা তল্লাশি কার্যক্রম চালিয়েছে।


পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী বলেন, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানা এলাকায় তল্লাশি ও অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com