পাঁচ দফা দাবিতে নিকাহ্, রেজিস্ট্রারদের কলম বিরতি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৯
পাঁচ দফা দাবিতে নিকাহ্, রেজিস্ট্রারদের কলম বিরতি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং নিয়োগসংক্রান্ত বিধিমালা অপরিবর্তিত রাখাসহ পাঁচ দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের নিকাহ্ রেজিস্ট্রাররা।


সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার নিকাহ্ রেজিস্ট্রাররা। এ সময় তাঁরা নিজেদের পেশাগত বিভিন্ন সমস্যা তুলে ধরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।


নিকাহ্ রেজিস্ট্রারদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা, মৃত্যু বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি,নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালায় নির্ধারিত যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের সময় নিকাহ্ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।


অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও পেশাগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধান, পেশাগত মর্যাদা রক্ষা এবং সেবার মান নিশ্চিত করার লক্ষ্যেই পাঁচ দফা দাবি জানানো হয়েছে।


তাঁরা ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা বহাল রাখার দাবি জানিয়ে বলেন, নিকাহ্ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা না করে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে অভিজ্ঞ নিকাহ্ রেজিস্ট্রারদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


কর্মসূচিতে কাজী খয়বর হোসেন, কাজী মোঃ জহুরুল আলম,কাজী মোঃহাবিবুর রহমানসহ রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা বক্তব্য দেন।


পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com