ত্রিদেশীয় সীমান্তে ৮ জনকে আটক করেছে বিজিবি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:৫৯
ত্রিদেশীয় সীমান্তে  ৮ জনকে আটক করেছে বিজিবি
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা-সংলগ্ন এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের সঙ্গে থাকা ম্রো সম্প্রদায়ের দুই স্থানীয় ভ্রমণ গাইডকেও আটক করা হয়। সন্দেহজনক গতিবিধির কারণে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


রবিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। পরে তাঁদের রুমা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।


আটক ছয় বাংলাদেশি হলেন- ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিমপাড়ার মো. শেরআলীর ছেলে মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেত গ্রামের মো. আবুল হাসানের ছেলে মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার মৃত গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান সানি (২৬)।


এ ছাড়া আটক দুই স্থানীয় ব্যক্তি হলেন পায়ারিংয়ের ছেলে লংওয়াং মুরং (২৫) ও খামেসা মুরংয়ের ছেলে তনয় মুরং (৩০)। তাঁরা দুজনই ম্রো সম্প্রদায়ের সদস্য।


সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।


সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, আটক আটজন গত ৫ নভেম্বর থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকায় যান। তাঁদের মধ্যে ছয়জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বাকি দুজন স্থানীয় গাইড হিসেবে তাঁদের সঙ্গে ছিলেন। পরবর্তী সময়ে তাঁরা বাংলাদেশের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন। তাঁদের সন্দেহজনক গতিবিধির তথ্য পেয়ে নজরদারি শুরু করে বিজিবি। একপর্যায়ে ১৫ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ছয় বাংলাদেশি ও তাঁদের সঙ্গে থাকা দুই স্থানীয় গাইডকে আটক করা হয়েছে।


তিনি আরও বলেন, তাঁরা কী উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন কিংবা কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পুলিশের তদন্তের মাধ্যমে জানা যাবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহাসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/দ্বীন মোহাম্মদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com