
প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি রাত ২টার সময়ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তখন মন্ত্রীদেরও সংশ্লিষ্ট কাজের খবর নিতে হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন। রাত ২টার সময়ও আমাদের কাছে খবর আসে, অমুক কাজটি হয়েছে কি না। তিনি খোঁজ নেন। তখন আমাদেরও কাজের খবর নিতে হয়। আমরা যারা মন্ত্রী আছি, সব সময় সতর্ক থাকি। কারণ, তিনি আমাদের প্রত্যেকের কাজ এত নিবিড়ভাবে দেখেন যে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা পাঠান।’
প্রধানমন্ত্রীর কাজের উদ্যমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও টিমওয়ার্ক।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা ওয়াদুদুল হক তরফদার নাহিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নেয়। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের প্রকল্প অতিথিদের সামনে তুলে ধরেন। দিনব্যাপী প্রদর্শনী ও মতবিনিময় শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]