জয়পুরহাটে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭
জয়পুরহাটে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ২ কোটি ৯৭ লাখ টাকা।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্যরা বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা কয়েনগুলো ৬০ ধরনের ও বিভিন্ন দেশের। এরমধ্যে মোট ৫৭০টি কয়েন রয়েছে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তুটির মূল্য ধরা হয়েছে ৭০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার টাকা।


বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা মালামাল বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে মূর্তিসদৃশ বস্তুটি পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং বৈদেশিক মুদ্রাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com