সাভারে চলমান বিক্ষোভে দুই মামলা, ৪০ কারখানায় ছুটি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৪:০০
সাভারে চলমান বিক্ষোভে দুই মামলা, ৪০ কারখানায় ছুটি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে চলমান শ্রমিক বিক্ষোভের সময় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়া সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এরই মধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।


তারা জানান, বিক্ষোভের সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় ৯ জনকে ও আশুলিয়া থানায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া গতকাল রাতে সাভারের তেতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সাভারে গতকাল রাতে তেতুলঝোড়া এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে এরই মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।


আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এরইমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


আজও চলছে বিক্ষোভ, ছুটি ৪০ কারখানা


মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার আব্দুল্লাহপুর থেকে বাইপাল সড়কে নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও ইউনিক এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকালে আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় বসে থাকেন। পরে সাড়ে ৮টার দিকে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।


বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া প্রায় ১০টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় অবস্থান করছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com