
অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ নভেম্বর) এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসেন।
এ সময় নাওজোর, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকায় কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেয়।
তিনি বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বিভিন্ন এলাকার ছোট ছোট সড়কে কিছু শ্রমিককে ঘোরাফেরা করতে দেখা গেছে।
শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল দিচ্ছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পুরো গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছেন। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
এদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের গুলিতে এক স্কুলছাত্র আহত বা নিহত হয়েছেন দাবি করে একটি ছবি ছড়ানো হচ্ছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়নি এবং কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেনি। সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]