
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন।
হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও সেখানে যোগ দেন।
এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
এদিকে সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]