খুলনার আঠারোবেকি নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৫:২১
খুলনার আঠারোবেকি নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।


উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেহেদী হাসান সোহাগ, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে জানা গেছে। অপরজনের নাম রেজাউল করিম, বয়স আনুমানিক ৩০ বছর। তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, স্থানীয় বাসিন্দারা সিংহেরচর এলাকায় নদীতে দুই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে লাশ দুটি ভেসে ওই এলাকায় এসেছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com