
সিলেট নগরীর একটি পূজামণ্ডপে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় জালালাবাদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্যও একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন।
পরে পুলিশের পোশাক পরা অবস্থায় তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ইতোমধ্যে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]