নাটোরে বাস দুর্ঘটনা

জীবিকার সন্ধানে বেরিয়ে লাশ হলেন ৫ ব্যবসায়ী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫:৩০
জীবিকার সন্ধানে বেরিয়ে লাশ হলেন ৫ ব্যবসায়ী
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সংসারের চাকা সচল রাখতে পণ্য কিনতে বেরিয়েছিলেন পাঁচ ব্যবসায়ী। গন্তব্য রাজশাহীর তাহেরপুর। ভুট্টা, পেঁয়াজ, রসুন, হলুদ, ধনিয়াসহ নানা কৃষিপণ্য কিনে ফিরে আসার কথা ছিল নিজ এলাকায়। সেই পণ্য বেচাকেনার আয়েই চলত তাদের সংসার, পূরণ হতো স্বজনদের স্বপ্ন। কিন্তু জীবিকার সন্ধানে বের হওয়া সেই যাত্রাই কেড়ে নিলো তাজা পাঁচটি প্রাণ।


নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী। একসঙ্গে পথচলা পাঁচটি মানুষের এমন আকস্মিক বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয় ব্যবসায়ী মহলে।


মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।


দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর বর্ণনা অনুযায়ী, যাত্রাবিরতির পর বাসটির চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। চালককে তন্দ্রাচ্ছন্ন মনে হওয়ায় যাত্রীরা তাকে সতর্ক করেন। গাড়ির গতি কমিয়ে সাবধানে চালানোর অনুরোধও জানান তারা। কিন্তু অভিযোগ, যাত্রীদের সেই সতর্কবার্তা উপেক্ষা করেই বাস চালিয়ে যাচ্ছিলেন চালক। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে সংঘর্ষের পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।


নিহতদের মধ্যে পাঁচ ব্যক্তি শরীয়তপুরের জাজিরার বাসিন্দা। নিহত পাঁচ ব্যবসায়ী হলেন- জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত পাঁচ ব্যক্তি দীর্ঘদিন ধরে জাজিরার কাজিরহাট ও আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই বিভিন্ন বাজার থেকে পণ্য সংগ্রহ করতে হতো তাদের। এবারো কৃষিপণ্য কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন রাজশাহীর তাহেরপুরে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় থেমে যায় তাদের পথচলা। নিহত জুয়েল মাদবর ভুসামাল ব্যবসার পাশাপাশি কাজিরহাটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। সামাদ ফকির ছিলেন ভুসামাল ব্যবসায়ী। শাহিন বেপারী হলুদ কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। সালাল মোল্যা ও সোহাগ শিকদারও বিভিন্ন পণ্য কেনাবেচা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। একই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী হওয়ায় তাদের মধ্যে ছিল পরিচয় ও সুসম্পর্ক। জীবিকার প্রয়োজনে একসঙ্গে বেরিয়ে পাঁচজনের আর বাড়ি ফেরা হলো না। তাদের আকস্মিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত হয়ে পড়েছেন সহকর্মী, বন্ধু ও স্থানীয় ব্যবসায়ীরা।


কাজিরহাটের ব্যবসায়ী দিদার সরদার বলেন, ব্যবসার কারণে তাদের সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। তাদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। তাদের এমন মৃত্যুর খবর খুবই কষ্টদায়ক। সৃষ্টিকর্তা তাদের জান্নাতবাসী করুন।


ডুবিসায়বর এলাকার স্থানীয় বাসিন্দা হিমেল আহম্মেদ হৃদয় বলেন, নিহত পাঁচজনই আমাদের এলাকার পরিচিত ব্যবসায়ী ছিলেন। তাদের মধ্যে একজন আমার সম্পর্কে প্রতিবেশী চাচা হয়। আমার চাচা পেঁয়াজের বীজ আনতে গিয়েছিল। আর অন্যরা তাদের ব্যবসার কাজে একসঙ্গে রাজশাহীতে যাচ্ছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের এমন মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।


এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে এখনো নাটোরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরদেহ জাজিরায় নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com