
দুর্গাপূজার আনন্দ মুহূর্তে পরিণত হলো চরম বিষাদে। বাবা-মায়ের সঙ্গে পূজামণ্ডপ দেখতে বের হয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী শোভন ও ৩ বছর বয়সী দিশা নামের দুই ভাই-বোন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় যাত্রীবাহী অটোভ্যান ও গরু বহনকারী নসিমনের সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুটি উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের সন্তান। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। এ ঘটনায় অটোভ্যানের চালক ও নসিমনের চালকসহ যাত্রীরা আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে শিক্ষক সাধন কুমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে ফুলতলা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি গরু বহনকারী নসিমনের সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় শিশুদের বাবা-মা এবং নসিমন চালক আব্দুল মজিদ (৪৫) আঘাত পেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
পূজার আনন্দঘন মুহূর্তে এক নিমেষে দুটি সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন শিক্ষক বাবা ও মা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ‘দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের পিতা-মাতা ও ভ্যানচালক আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। নিহত শিশু দুটির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]