
ঝিনাইদহের সদর ও শৈলকুপা উপজেলায় পৃথক ঘটনায় দুই ভাইয়ের হাতে দুই ভাই নিহত হয়েছেন। পারিবারিক বিরোধ ও সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এসব ঘটনা ঘটে।
শনিবার (২৭ অক্টোবর) পৃথক সময়ে ঘটে যাওয়া এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাঁদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুমন মন্ডলের কোদালের কোপ ও মারধরে ছোট ভাই সোহান মন্ডল (২৬) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন মন্ডল পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমন মন্ডল ও সোহানের স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বিরোধ হতো। এর জের ধরে শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে সোহানের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে আঘাত করেন এবং তাঁকে মারধর করেন। সোহানের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সুমন পালিয়ে যান।
পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত সুমন মন্ডলকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
অন্যদিকে, শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে গাছের সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার দুপুরে তাঁর সঙ্গে ছোট ভাই রবিউল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল, তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুল মারা যান। আহত তাঁর স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর রবিউল পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রবিউলকে আটকের জন্য অভিযান চলছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]