
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাজশাহী রেশম কারখানা ও রেশম বোর্ডের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। রেশম কারখানার উৎপাদন বাড়াতে সরকার নতুন পাওয়ার লুম চালু করেছে। এখন দরকার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২ লাখ তুঁত চারা রোপণ ও রেশম কারখানার ১৫টি পাওয়ার লুম চালুকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আজ ১৫টি লুম চালু করা হলো এবং আগামীতে আরো ২৫টি লুম চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, ব্রিটিশ আমলেরও পূর্বে সম্রাট আওরঙ্গজেবের সময়ে বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ বেঙ্গলের নিয়ন্ত্রণে ছিল, যার মূল ভিত্তি ছিল ঐতিহ্যবাহী মসলিন ও রেশম শিল্প। আন্তর্জাতিক চক্রান্ত ও অভ্যন্তরীণ ভুলের কারণে রাজশাহী রেশম কারখানা ক্ষতির সম্মুখীন হয়।
তিনি আরও বলেন, ক্ষতির কুণ্ডলী পরিহার করে প্রতিষ্ঠানটিকে রিজিকের প্রধান উৎস হিসেবে সুরক্ষা দিতে হবে। যোগ্য কর্মীদের উপযুক্ত মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে পরিবারের মতো প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। সবার সম্মিলিত ত্যাগ ও নিষ্ঠায় এই ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকবে এবং রাজশাহী সিল্কের বিশ্বজোড়া সুনাম পুনরুজ্জীবিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ, বিভাগীয় কমিশনার মো. উম্মাদ আলী, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ইশা ও রেশম পণ্য ব্যবসায়ী মো. আসলাম সরকার।
অনুষ্ঠানে বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]