
খাগড়াছড়ি পার্বত্য জেলার সাজেকের মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবরপর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এই সড়ক অবরোধ স্থগিতের কথা জানান।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, শুক্রবার থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করাহয়েছে।
তারা বলেন, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোন দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা কোন জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। সুতরাং প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর পুনরায় এই কর্মসূচি পালন করাহবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথা সময়ে কর্মসূচি বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় কোনো প্রকার কালক্ষেপণ না করে অতি দ্রুত দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবির শর্ত বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির
জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংগঠনের পেইজে লাইভে এসে অবরোধ স্থগিত করার
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরবর্তীতে যাতে আর কোন অবরোধ কর্মসূচি পালন করতে না হয় সেজন্য তাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে প্রশাসনকে আহ্বান করেছেন।
গতকাল দুই সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে বাঘাইহাট ১০ নম্বর, হাজাছড়া, গঙ্গারাম উজোবাজার এলাকা ও মাচলঙ ১৪ কিলোসহ কয়েকটি স্থানে সড়কে টায়ার ও বাঁশ-গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। অবরোধের কারণে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত সড়কে অন্যান্য যানচলাচল বন্ধ ছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]