
জামালপুরের দেওয়ানগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি বিশেষ অভিযানে জাল ডলার প্রতারক চক্রের মো. হযরত আলী (৩০) ও নজরুল ইসলাম (২২)দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ থানাধীন মেইন রোডস্থ চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হযরত আলী বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের মৃত তালুকদারের ছেলে এবং নজরুল ইসলাম একই গ্রামের জলিল মোল্লার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রের দুই সদস্য বিপুল পরিমাণ জাল আমেরিকান ডলার নিয়ে মোটরসাইকেলযোগে বকশীগঞ্জ মেইন রোডস্থ চৌরাস্তায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে জামালপুর গোয়েন্দা শাখা-২ (দেওয়ানগঞ্জ)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত দলিলের মধ্যে রয়েছে:
৫০০ ডলারের নোট: ১০০টি (১ বান্ডিল, জাল)
১০০ ডলারের নোট: ১০০টি (১ বান্ডিল, জাল)
৫০ ডলারের নোট: ৯৫টি (১ বান্ডিল, জাল)
৫ ডলারের নোট: ২০০টি ২ বান্ডিল (১৯৯টি জাল ও ১টি আসল)
১ ডলারের নোট: ১০০টি ১ বান্ডিল (৯৮টি জাল ও ২টা আসল)
জেলা গোয়েন্দা শাখা-২ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান জানান, "আমরা সবসময় জাল ডলার প্রতারক চক্রসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জালনোটসহ হাতেনাতে প্রতারকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।"
জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, "জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বারবার হুঁশিয়ারি দিয়ে আসছি—নকল ও জাল ডলার, মাদক কিংবা অস্ত্র কারবারিদের কোনো স্থান এই জেলায় নেই। ডিবি-২ এর এই সফল অভিযান অত্যন্ত প্রশংসনীয়। প্রতারক চক্রের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।
বিবার্তা/রফিকুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]