
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি সেতুর পাশ থেকে সাখাওয়াত হোসেন (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার পাথরঘাটা সেতুর পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাখাওয়াত হোসেন উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বড় ভাই শাহারুল অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ট্রোকজনিত কারণে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন৷ এ অবস্থায় বড় ভাইয়ের অটোভ্যানটি চালাচ্ছিলেন সাখাওয়াত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। বিকেল ৪টার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
বুধবার ভোরে পাথরঘাটা সেতুর পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের কাছে সাখাওয়াতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
পরে পাঁচবিবি থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশে সাখাওয়াতকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]