সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৩
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৯
সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৩
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় শেখ খোরশেদ আহমেদ দোলন (৫০) নামে এক যুবদল নেতাকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তিনজন আহত হয়েছেন।


সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।


আহত দোলন জেলা যুবদলের সদস্য এবং ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা। অন্যরা হলেন—উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)।


দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলন অভিযোগ তুলে জানান, সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন তার ভাই।


এ সময় শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। দোলনকে রক্ষা করতে এগিয়ে গেলে অন্য তিনজনকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


তিনি বলেন, ‘সারা জীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি।


টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই এর প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও আহত হয়েছেন।’


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলার নিয়োগের জন্য আবেদন করেছিলেন খোরশেদ আহমেদ দোলন এবং একই ইউনিয়নের বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। চূড়ান্তভাবে মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে ডিলার নিয়োগ পান তুষার মণ্ডল।


এরপর নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন।


এরই ধারাবাহিকতায় গত রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরকান্দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। সেখানে অংশ নিয়ে খোরশেদ আহমেদ দোলন রামনগর ইউনিয়নে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করেন। অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।


দোলনের পরিবার জানান, সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ তোলার কারণে তুষার মণ্ডল ক্ষুব্ধ হন। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।


মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com