বিএনপি এমপির সুপারিশে মাদ্রাসা সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২০:৩৭
বিএনপি এমপির সুপারিশে মাদ্রাসা সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা
হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর)
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের সুপারিশে (ডিও লেটার) একটি মাদ্রাসা কমিটির সভাপতি হয়েছেন এক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ওই সংসদ সদস্য অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নে অবস্থিত 'কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসা'র এডহক কমিটির সভাপতি হয়েছেন মো. আব্দুর রউফ খান। তিনি বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একজন শিক্ষক। গত ৮ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ছয় মাসের জন্য এই পদে অনুমোদন দেওয়া হয়।


অনুসন্ধানে দেখা যায়, গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি ডিও লেটার (সুপারিশপত্র) পাঠান বিএনপি দলীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান। সেখানে তিনি আব্দুর রউফ খানকে একজন শিক্ষিত ব্যক্তি ও যোগ্য শিক্ষক উল্লেখ করে তাকে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদানের জন্য জোর সুপারিশ করেন। এই সুপারিশের ভিত্তিতেই শিক্ষা বোর্ড কমিটি অনুমোদন দেয়।


এদিকে আব্দুর রউফ খান সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি সম্বলিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পদের পোস্টার এবং সাবেক ছাত্রলীগ নেতাদের রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়ে।


এ বিষয়ে জানতে চাইলে মো. আব্দুর রউফ খান জানান, "আমি কোনো পদ-পদবিতে ছিলাম না, শিক্ষকতা করি। প্রতিপক্ষরা ছবি ছড়াচ্ছে। আর সুপারিশের বিষয়টি আমার মেমোরিতে নেই, ভাই বলতে পারবে। আমি ইউএনও স্যারের কাছে আবেদন করেছিলাম।"


অনুতাপ প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান জানান, "আমি ফরিদপুর-১ এলাকার সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না। আমাদের দলের কিছু সিনিয়র নেতা এসে অনুরোধ করায় আমি বিস্তারিত না জেনেই স্বাক্ষর করে দিয়েছিলাম। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি একটা সফট কর্নার থেকেই এটি করা হয়েছিল। আমার হাত দিয়ে এমন একটি কাজ হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেব।"


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com