বহিষ্কারাদেশ প্রত্যাহার, নতুন উদ্যমে ছাত্রদলে ফিরছেন ফুজায়েল
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ২০:২৩
বহিষ্কারাদেশ প্রত্যাহার, নতুন উদ্যমে ছাত্রদলে ফিরছেন ফুজায়েল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।


দীর্ঘ প্রায় তিন বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর থাকা বিধিনিষেধ উঠে গেছে। কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


গত শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, দলের অভ্যন্তরে কিছু ভুল-বোঝাবুঝির কারণে প্রায় তিন বছর আগে তাঁকে সাংগঠনিকভাবে বহিষ্কারের মুখে পড়তে হয়েছিল। দীর্ঘ সময় পর সব ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সংসদ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি ভীষণ আনন্দিত ও আবেগাপ্লুত। দলের একজন কর্মী হিসেবে কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্তকে তিনি নতুন করে পথচলার অনুপ্রেরণা হিসেবে দেখছেন।


তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে তাঁকে নানা নির্যাতন-নিপীড়ন, মামলা ও কারাবরণের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তারপরও দলের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা থেকে কখনো বিচ্যুত হননি। প্রতিকূল সময়ের অভিজ্ঞতা তাঁকে আরও দৃঢ় ও সংকল্পবদ্ধ করেছে বলেও জানান তিনি।


ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ফুজায়েল বলেন, রাজনীতি মানে শুধু পদ-পদবি নয়; রাজনীতি হচ্ছে আদর্শ, ত্যাগ, দায়িত্ববোধ ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। অতীতের সব ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে এখন তাঁর মূল লক্ষ্য ছাত্রদলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তোলা।


তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে চান। দলের দুঃসময়ে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে সংগঠনের আদর্শে উজ্জীবিত করাও তাঁর অন্যতম প্রত্যাশা। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর যে আস্থা রেখেছে, সাংগঠনিক কর্মকাণ্ড ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সেই আস্থার প্রতিদান দিতে চান তিনি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com