
জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউনিটি ক্লিনিক থেকে ভুল চোখের ড্রপ দেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যসেবা প্রদানকারী এক কর্মীর বিরুদ্ধে। ওই ড্রপ ব্যবহারের পর ৫৫ বছর বয়সি সাকোয়াত হোসেনের চোখে জ্বালাপোড়া শুরু হয়। এতে তাঁর চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। তবে এ ঘটনায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রদানকারী।
সাকোয়াত হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেংটিমারি এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের অভিযোগ, গত ২৬ সেপ্টেম্বর সাকোয়াতের চোখের জন্য ড্রপ আনতে চেংটিমারি কমিউনিটি ক্লিনিকে যান তাঁর স্ত্রী। এ সময় ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যসেবা প্রদানকারী মোছা. বানেছা খাতুন তাঁকে একটি ড্রপ দেন।
পরিবারের দাবি, বাড়িতে ফিরে স্বামীর চোখে ওই ড্রপ দেওয়ার পরপরই জ্বালাপোড়া শুরু হয় এবং চোখ সাদা হয়ে যায়। পরে ড্রপটি নিয়ে ক্লিনিকে গেলে ভুল করে পায়ের কড়া বা কুনিতে ব্যবহারের ড্রপ দেওয়া হয়েছে বলে বানেছা খাতুন জানান। দাবি করেন সাকোয়াতের স্ত্রী।
এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ১১ অক্টোবর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যসেবা প্রদানকারী বানেছা খাতুন। তিনি ভুলভাবে ওষুধ ব্যবহারের দায় কমিউনিটি ক্লিনিকের ওপর চাপানোর অভিযোগের প্রতিবাদ জানান।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল হাবিব জানান, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্তে বানেছা খাতুন দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/রফিকুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]