প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২১:০০
প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে পরিবারের গৃহকর্ত্রীর নামে মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।


শনিবার (১০ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।


এমপি মিলন বলেন, এ কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হলে সঠিক তথ্য সংগ্রহ ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এ জন্য মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারীদের সততা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।


প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করার সময় দলমতনির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা আসতে পারে, কেউ তথ্য দিতে না-ও চাইতে পারেন। অতীতে ফ্যামিলি কার্ড নিয়ে কারও মধ্যে নেতিবাচক মনোভাব থাকতে পারে। এসব বিবেচনায় নিয়ে ভোটার পরিচয়পত্র যাচাই করে প্রতিটি তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সঠিকভাবে সম্পন্ন হলে রাষ্ট্র মেরামতের উদ্যোগে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।


পরে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সহজ ও গতিশীল করতে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে উন্নত মানের ট্যাব তুলে দেন সংসদ সদস্য।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছ তালিকা প্রণয়ন নিশ্চিত করতে হবে।


প্রশিক্ষণে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে পবা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের জরিপ শুরু হবে। প্রাথমিকভাবে নওহাটা পৌরসভা,পারিলা ইউনিয়ন এবং হড়গ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্যসংগ্রহকারী দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।


প্রশিক্ষণ পরিচালনা করেন পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব আব্দুল রাজ্জাক,যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com