বিরোধী দলের ভূমিকা নিয়ে জামায়াতকে সতর্ক করলেন শামা ওবায়েদ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:৪৮
বিরোধী দলের ভূমিকা নিয়ে জামায়াতকে সতর্ক করলেন শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দলের ভেতরে স্বৈরাচারী শক্তির অনুপ্রবেশ ঠেকানো, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।


এমন পরিস্থিতি তৈরি হলে এর দায় জামায়াতকে নিতে হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের আড়াল করা বা তাঁদের অপমান করার চেষ্টার বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে মানুষ নির্যাতন, হামলা-মামলা ও গুমের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এ পরিস্থিতিতে আবারও ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।


বিদ্যুৎ খাতের বিষয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে।


তাঁর ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


সমাবেশের আগে নগরকান্দা সদর পেট্রলপাম্প থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব প্রমুখ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com