বোয়ালমারীতে শিক্ষার্থীদের পিংক বাইসাইকেল উপহার ও লাইব্রেরি উদ্বোধন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:০৫
বোয়ালমারীতে শিক্ষার্থীদের পিংক বাইসাইকেল উপহার ও লাইব্রেরি উদ্বোধন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে তাদের হাতে পিংক রঙের বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে তিনি ফিতা কেটে ‘অ্যাথেনিয়াম’ লাইব্রেরির উদ্বোধন করেন। পিংক রঙের নতুন বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা জানান, "পড়াশোনার কোনো বিকল্প নেই। 'নজরুল বর্ষে' এই লাইব্রেরিটি উদ্বোধন করা হলো, যা ছোট-বড় সবার জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ তৈরি করবে। একই সাথে দরিদ্র শিক্ষার্থীদের চলাচল সহজ করতে পিংক রঙের বাইসাইকেল দেওয়া হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।"


ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার নাঈমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এই লাইব্রেরি ও বাইসাইকেল বিতরণ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com