
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে তিনি মারা যান।
নিহত ফজল শেখ ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণিকের ছেলে। তিনি ফরিদপুর কোতোয়ালি থানায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে ছিলেন।
ফরিদপুরের জেল সুপার সাখাওয়াত হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে নিম্ন রক্তচাপ জনিত সমস্যা দেখা দিলে তাকে প্রথমে ফরিদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, চিকিৎসকদের সনদ অনুযায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (ইররিভার্সিবল কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট ও কার্ডিওজেনিক শক) তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]